নদী ও নক্ষত্রের কথা

রাতের নিশ্বাস বেচে এক একটি দিন কিনে চলা,

কথারা হারিয়ে গেছে; যেমন হারিয়েছে অবাক বসন্ত,

তাই বুঝি বর্ষা কিংবা গ্রীষ্মেও থরথর এই বেঁচে থাকা।

 

রূপকথার পথ ধরে অনভ্যস্ত রোদ হেঁটে যায়—

শ্রান্ত ঘুমে স্বপ্ন দেখি, এ শহর নদীর মতো স্রোতস্বিনী;

জলাধার, আমাদের অভ্যাস, রোজকার স্বরলিপি লেখা।

 

ফিলহাল মৃতরাও বেওয়ারিশ লুটপাটে অস্থির,

সবার মতো তাদেরও শঙ্কা বেড়েছে, বেড়েছে সংশয়;

প্রতিটি শ্মশানে, গোরস্থানে আজ তাই পাখিরা পাহারা বসায়।

 

তোমাকে লিখি না আর, অহেতুক দায় দিয়ে গেছ;

ফুল কিংবা ঘাসফড়িংয়ের গল্পগুলো এখনো কী বলো?

কাকে বলো তুমি, কতবার মাড়িয়েছ নক্ষত্র আর নদীর হূদয়!