জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, শেখ হাসিনা টানা চারবার এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। আমরা মনে করি, বাংলাদেশের মানুষের বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শের প্রতি তাদের যে বিশ্বাস, এটি তারই প্রতিফলন। ধারাবাহিকভাবে কাজ করার কারণে আজকে বাংলাদেশ একটি উন্নত দেশের দিকে চলে যাচ্ছে।
শনিবার (২ মার্চ) মাদারীপুরের শিবচরের আল বাইতুল মামুর সিনিয়র আলিম মাদ্রাসার বহুতল একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ দিন চিফ হুইপ উমেদপুরে ড. নুরুল আমিন কলেজের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও ভদ্রাসন জিসি একাডেমির একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে যোগ দেন।
এ সময় মাদারীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. তানভীর ইসলাম, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মামুন, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত গোলদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খানসহ অনেকেই উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, আমরা সবচেয়ে ভাগ্যবান, কারণ আমরা পদ্মা সেতু পেয়েছি। পদ্মা সেতু পার হওয়ার পর প্রথম উপজেলা শিবচর। পদ্মা সেতুকে সামনে রেখে এই শিবচর উপজেলাকে পরিকল্পনা অনুসারে আমরা উন্নয়ন করে যাচ্ছি। আমরা বিগত ১৫ বছরে যে কাজ না করেছি, আগামী ৫ বছর আমাদের জন্য আরও একটি উজ্জ্বল দ্বার খুলে যাচ্ছে। বাংলাদেশে জমি একটি বড় সমস্যা। ঢাকা শহরে বড় একটি প্রতিষ্ঠান করার মতো জমি এখন পাওয়া যায় না। যার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের শিবচরে করার জন্য ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করা হয়েছে।
নূর-ই-আলম চৌধুরী আরও বলেন, আমরা অনেক জমি দেখে রেখেছি। আমরাও চাই শিবচরকে এমনভাবে তৈরি করবো। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে ছেলে-মেয়েরা মাদ্রাসা, স্কুল, টেকনিক্যাল স্কুল বা যেখানেই পড়াশোনা করুক, তাদের জীবন কিন্তু পরিবর্তন করতে হবে। একটা সময় পরে এই ছেলে-মেয়েদেরকে আমাদের স্মার্ট বাংলাদেশের জন্য তৈরি করতে হবে।