ছোটপর্দা ও বড়পর্দায় সমানতালে কাজ করছেন তরুণ প্রজন্মের অভিনেতা অনুভব মাহাবুব। বর্তমানে তার দুটি ধারাবাহিক নাটক টিভি চ্যানেলে প্রচার হচ্ছে। কাজ করছেন তিনটি চলচ্চিত্রে। এছাড়া টিভি ও ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে তার অভিনীত একক নাটক।
অনুভব মাহাবুবের অভিনীত ধারাবাহিক নাটক দুটি হচ্ছে ‘প্রবাস পল্লী’ ও ‘টাকা কোনো ব্যাপার না’। মইন খান রুপী পরিচালিত ‘প্রবাস পল্লী’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে একুশে টিভিতে। অন্যদিকে অঞ্জন আইচ পরিচালিত ‘টাকা কোনো ব্যাপার না’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে মাছরাঙা টিভিতে।
তার অভিনীত চলচ্চিত্র তিনটি হচ্ছে—পূজন মজুমদারের ‘প্রিয় রে’, মিজানুর রহমান লাবুর ‘আবার অরণ্য’ ও রোমান খানের ‘লিপস্টিক’। ছবিগুলো চলতি বছর ধারাবাহিকভাবে মুক্তি পাবে।
অনুভব মাহাবুবের অভিনীত সাম্প্রতিক একক নাটকগুলোর মধ্যে রয়েছে—‘জানেমান তুই আমার’, ‘সংসার আমার ভাল্লাগে না’, ‘সবার বিয়ে’, ‘হাতুড়ে ডাক্তার’, ‘ফলোয়ার’, ‘জামাই শশুর ৪২০’, ‘মিস্টার কিপটা’ প্রভৃতি।
মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরেই অভিনয়ে অভিষেক হয় অনুভব মাহাবুবের। ফারুকীর পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘সিক্সটি নাইন’-এ কাজ করার সুযোগ পান তিনি। পরে তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’ ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
অনুভব মাহাবুবের মুক্তিপ্রাপ্ত ছবিগুলো হচ্ছে—‘দারুচিনি দ্বীপ’, ‘নোলক’, ‘শাহেন শাহ’, ‘ধ্যাৎতিরিকি’ প্রভৃতি।
নিজের অভিনয় জীবন প্রসঙ্গে অনুভব মাহাবুব বলেন, ‘অভিনয়ই আমার ধ্যান-জ্ঞান। আমি সবসময় একজন ভালো অভিনেতা হওয়ার স্বপ্ন দেখি। সেই লক্ষ্যেই অবিরাম ছুটে চলছি।’