ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে-২০২৪ (ডিজেএস কার্নিভাল: একাডেমিক, স্পোর্টস অ্যান্ড কালচার)।
বিভাগ প্রতিষ্ঠার ৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানের পর্দা নামবে আগামী মঙ্গলবার (৫ মার্চ)।
রোববার (৩ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
কার্নিভালে বিভিন্ন একাডেমিক সেশন, আন্তর্জাতিক গবেষণা সিম্পোজিয়াম, পোস্টার প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হবে।
জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. সীতেশ চন্দ্র বাছার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের গভীর সম্পর্ক বিদ্যমান। উন্নয়ন, প্রযুক্তি এবং বিজ্ঞানে আমাদের দেশ সবসময় জাপানের সহযোগিতা পেয়ে থাকে।
জাপানের সঙ্গে আমাদের দেশের সম্পর্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সামনের দিনেও সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপ-উপাচার্য।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ধরনের একটি বড় আয়োজন করা এতো সহজ ছিলো না কারণ আমি এখনো শিখছি।
কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান ফাউন্ডেশনের মহাপরিচালক (নয়াদিল্লি অফিস) কোজি সাতো, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক কূটনীতি) সেহেলি সাবরিন, নিউভিশন সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক শিবলী নোমান।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক।