ভিনিসিয়ুস নৈপুণ্যে হার এড়ালো রিয়াল মাদ্রিদ 

পিছিয়ে পড়েও কামব্যাক করার তুলনা নেই রিয়াল মাদ্রিদের। আরও একবার সেই কাজ করে দেখালো লস ব্লাঙ্কোরা। লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও ড্র করে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

শনিবার (২ মার্চ) প্রতিপক্ষের মাঠে শুরুতে থেকেই ধুঁকতে থাকে রিয়াল। ম্যাচের ২৭ মিনিটে পিছিয়ে পড়ে তারা। হুগো দুরোর গোলে লিড নেয় ভ্যালেন্সিয়া। এর মিনিট তিনেক পর রোমান ইয়েরেমচুকের গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।

ম্যাচে ফিরতে মরিয়া হয়ে খেলতে থাকে রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে ব্যবধান কমান ভিনিসিয়ুস জুনিয়র। শেষ পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ম্যাচে সমতা ফেরাতে একের পর এক আক্রমণ করতে থাকে লস ব্লাঙ্কোরা। অবশেষে ম্যাচের ৭৬ মিনিটে ম্যাচে সমতায় ফেরে রিয়াল। এবারও গোলের দেখা পান ভিনিসিয়ুস। 

শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে রিয়াল। এই ড্রয়ে ২৭ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে এবং ৫৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।