৩ মাস পেরোতেই পাকা সড়কের বেহাল দশা

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আমবাড়ী বাজার সংলগ্ন জুগীরগ্রামে পাকাকরণের ৩ মাস পেরোতেই একটি সড়কের বেহাল দশা দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়ে চলাচল করছে স্থানীয়রা। তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের ব্লক নির্মাণের ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল শাহ্ রিভার ড্রেজিং লিমিটেডের মালবাহী ট্রাক চলাচলের কারণে ৩ মাসেই সড়কটির এমন হাল হয়েছে।

duarabazar-2  

জানা গেছে, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের নিজস্ব তহবিল থেকে ৪৬৪ ফুট সড়কটি পাকাকরণের কাজ করা হয়। প্রতিনিয়ত অধিক ওজনের ট্রাক যাতায়াত করার কারণে নিচ থেকে বালু সরে গিয়ে সড়কটি ভেঙে গেছে। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর।    
 
স্থানীয় বাসিন্দা আনোয়ার জানান, সড়কটি কয়েকমাস হয় পাকা হয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের ট্রাক যাতায়াতের কারণে দুই পাশ থেকে ভেঙে গেছে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষায় দু-একদিন বৃষ্টি নামলে এই সড়ক আর সড়ক থাকবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির অভাবেই এমন কাজ করতে পেরেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।  

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল শাহ্ রিভার ড্রেজিং লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার সামিল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানের মালামাল বহনকারী ট্রাক চলাচলের কারণেই রাস্তাটির বেহাল অবস্থা হয়েছে, প্রতিষ্ঠান প্রধানের সাথে কথা বলে রাস্তাটি মেরামতের ব্যবস্থা করব। 
 
মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার বলেন, রাস্তাটি এখন ব্যবহার অনুপযোগী, আমি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেছি।