গুলশানে ছাদ থেকে লাফিয়ে স্পেনের নাগরিক নিহত, সুইসাইড নোট উদ্ধার

রাজধানীর গুলশানে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। তার নাম ইসমাইল গিল সেরেনো (৫৮)।

রোববার (৩ মার্চ) বিকেলে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে তিনি মারা যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

জানা গেছে, গত চার-পাঁচ দিন ধ‌রে তি‌নি অস্বাভা‌বিক আচরণ ক‌রে আস‌ছি‌লেন। রাস্তার মানুষকে মারধর ও ফোন ছি‌নি‌য়ে নেওয়ার ম‌তোও ঘটনা ঘ‌টি‌য়ে‌ছেন তি‌নি।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বিকেলের দিকে গুলশান অ্যাভিনিউয়ের পিংক সিটির বিপরীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে স্পেনের এক নাগরিকের মৃত্যু হয়েছে। একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লোকটি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলেও ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হবে। এরপর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।