এক দিনেই কমলো ২৪২ কোম্পানির শেয়ারদর

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচকের বড় পতনে লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯২টি কোম্পানির মধ্যে বেশির ভাগেরই শেয়ারদর কমেছে। অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র।
 
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, পুঁজিবাজারের টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর গতকাল লেনদেন শুরুর প্রথম দিনেই কোম্পানির শেয়ারের বড় দরপতন হয়েছে। যার নেতিবাচক প্রভাব পড়েছে সামগ্রিক বাজারের ওপর।
 
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই ব্রডইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৩৯.৩৫ পয়েন্ট কমে ৬২১৫.১৯ পয়েন্টে অবস্থান করছে। এদিন এই বাজারে ৯৮১ কোটি ৫৫ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯১৬ কোটি ৪২ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৬৫ কোটি ১৩ লাখ টাকা। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৩৯২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২৪২টির। অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।