জিগাতলার ‘কেয়ারি ক্রিসেন্ট প্লাজা’ সিলগালা

রাজধানীর জিগাতলা সাত মসজিদ রোডে ১৫ তলার কেয়ারি ক্রিসেন্ট প্লাজা সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় ৩ জনকে আটক করা হয়।

সোমবার (৪) দুপুরে সিটি কর্পোরেশনের একটি দল ভবনটিতে অভিযান চালায়। পরে তা সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

জানা গেছে, ভবনে ১১টি রেস্তোরাঁ খুলে ব্যবসা করা হচ্ছিল। ভবনের দুটো সিঁড়ির একটি বন্ধ, সেখানে রাখা হয়েছে গ্যাস সিলিন্ডার। আর ভবনের ছাদে তালা লাগানো। ভবনে আগুন লাগলে কারও পক্ষে ছাদে যাওয়া সম্ভব নয়।

১৪ তলা এ ভব‌নের দ্বিতীয়তলা পর্যন্ত মা‌র্কেট র‌য়ে‌ছে। এরপর তৃতীয় থে‌কে ১১ তলা পর্যন্ত ১৮‌টি রেস্টু‌রেন্ট র‌য়ে‌ছে। এমনকি ভবনটির নিচতলায় ব‌র্হিগমন প‌থের নকশা ভে‌ঙে আরেকটি রেস্টু‌রেন্ট করে ভবন কর্তৃপক্ষ। ফলে অগ্নিঝুঁকি থাকায় ভবনটি সিলগালা করে দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন।

এর আগে, এই ভবনে অভিযান চালানো হবে এমন খবরে নোটিশ টানিয়ে বন্ধ করে দেওয়া হয় ভবনটির সব রেস্টুরেন্ট। ভবনের মূল গেটের সামনে ঝুলিয়ে দেওয়া হয় নোটিশ। সেখানে লেখা— ‘সকল চাইনিজ রেস্টুরেন্ট এবং খাবার হোটেল বন্ধ থাকবে। শুধু দ্বিতীয় তলার মার্কেট এবং নিচ তলার দোকানগুলো খোলা থাকবে। আদেশক্রমে কর্তৃপক্ষ।’

ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, এটি ১৫ তলা ভবন। ১২ তলা পর্যন্ত প্রায় সব তলাতেই রেস্তোরাঁ আছে। এছাড়া দুটো ভবনে ভিসা প্রসেসিং অফিস আছে। ভবনের দুটো সিঁড়ি- তার একটি বন্ধ, ব্যবহার উপযোগী না। সেখানে গ্যাসের সিলিন্ডার রাখা। ছাদও বন্ধ, দুর্ঘটনা ঘটলে কেউ সেখানে যেতে পারবে না।