প্রতিবছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ আয়োজন করে নতুন নির্দেশকদের নাটক নিয়ে কেন্দ্রীয় নাট্যোত্সব। সেই ধারাবাহিকতায় এবারও গত ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে উত্সবটি। যার পর্দা নামবে আজ।
এবারের উত্সবে প্রতিদিন নাটমণ্ডল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হচ্ছে নতুন প্রযোজনা ‘সিদ্ধান্ত’। নাটকটির নির্দেশনায় রয়েছেন নাট্যব্যক্তিত্ব ও অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। বিখ্যাত জার্মান নাট্যকার বার্টল্ট ব্রেখট রচিত ‘মেজারস টেকেন’ থেকে অনুবাদ ও পুনর্লিখন করেছেন বিভাগের শিক্ষক ড. শাহমান মৈশান। নাটকে অভিনয় করেছেন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. তানভীর আহম্মেদ, নাসরিন সুলতানা অনু, ওবায়দুর রহমান সোহান, প্রণব রঞ্জন বালা এবং বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মনোহর চন্দ্র দাস।
নাটকের মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন অধ্যাপক ড. ইসরাফিল শাহীন, সহযোগিতায় ধীমান চন্দ্র বর্মণ। দেহবিন্যাস, চলন ও তাল বাদনে আছেন অমিত চৌধুরী। সংগীত পরিকল্পনা করেছেন ড. সাইম রানা এবং পোশাক পরিকল্পনা করেছেন মহসিনা আক্তার।
উল্লেখ্য, উত্সবের সমাপনী দিনে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাহিদ ইজাহার খান, প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আখিম ট্রোস্টার, রাষ্ট্রদূত, ফেডারেল রিপাবলিক অব জার্মানি দূতাবাস, ঢাকা। অধ্যাপক ড. হাসিনা খান, সদস্য, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং এ কে আজাদ, এমপি। এছাড়াও উপস্থিত থাকবেন লিয়াকত আলী লাকি, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি।