মৌলভীবাজারের জুড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে দুই সহযোগীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগী কিশোরী (১৫) গতকাল সোমবার থানায় মামলা করার পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযুক্তরা হলেন—কামিনীগঞ্জ বাজারের মৃত মস্তফা মিয়ার ছেলে সামছুজ্জামান রানু মহালদার, উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আতর আলীর ছেলে সফিকুল ইসলামসহ (৪০) আরও একজন।
অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরী গত এক মাস ধরে অভিযুক্ত রানু মহালদারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। এ সুযোগে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। সর্বশেষ গত পহেলা মার্চ সে ধর্ষণের শিকার হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি এসএম মাঈন উদ্দিন বলেন, ‘মেয়েটির অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামি রানু মহালদারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের আজ মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’