কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে যুবক কারাগারে

কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলেন ইয়াকুব আলী সাদ্দাম নামের এক যুবক। 

বুধবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুড়িগ্রাম জেলা পুলিশ। এদিন সকালে তাকে আটক করা হয়। 

গ্রেপ্তার ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা।  

পুলিশ জানায়, বুধবার পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা তদারকির মাধ্যমে নিশ্চিত করা হয় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ। এরই মধ্যে মূল প্রার্থীর জায়গায় প্রক্সি দেওয়ার সময় ইয়াকুবকে আটক করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা। 

কুড়িগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমীন বলেন, টিআরসি পদে নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোনো সুযোগ নেই। লিখিত পরীক্ষায় ১ জন ভুয়া পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছি। এরসঙ্গে আর কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলছে।