আলোকচিত্র প্রদর্শনী ‘বোধ’ শুরু হচ্ছে কাল

রাজধানীর শাহবাগের ছবির হাটে ‘বোধ’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হবে আগামীকাল শুক্রবার। চলবে আগামী রোববার পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

আলোকচিত্র প্রদর্শনীটি কিউরেট করেছেন তানজিমুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী কে এম আসাদ। তার তত্ত্বাবধানে দুই মাসের কর্মশালায় অংশগ্রহণ করেন মো. আবু সুফিয়ান জুয়েল, জীবন আহমেদ, সৈয়দ মাহামুদুর রহমান, মেহেদী হাসান ও মো. সাজ্জাদ হোসেন।

এর মাধ্যমে এই পাঁচ আলোকচিত্রী শেখার চেষ্টা করেছেন কীভাবে একটি বিষয়ের দিকে তাকাতে হয় এবং সেটিকে আলোকচিত্রের মাধ্যমে একটি গল্পের আকার দেওয়া যায়। আলোকচিত্রীরা নিজেদের জীবনের কাছাকাছি একটি গল্প বলার চেষ্টা করেছেন। 

এ প্রদর্শনীর মাধ্যমে যদিও তারা ব্যক্তি বা একটি গোষ্ঠীর গল্প বলছেন, কিন্তু তাদের চেষ্টা ছিল নিজেদের অনুভূতির প্রকাশ করার, যে বোধের মধ্য দিয়ে তারা গিয়েছেন এবং সেটি প্রকাশের প্রয়োজন মনে করেছেন।