নয়া দিল্লির বাংলাদেশ মিশনে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন 

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নয়া দিল্লির বাংলাদেশ হাই কমিশনে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে হাই কমিশনের পক্ষ থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার (৭ মার্চ) দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির শুরু করেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. মোস্তাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে হাই কমিশনের বঙ্গবন্ধু হলে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

3

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে সার্বজনীন উল্লেখ করে হাই কমিশনার রহমান বলেন, জাতির পিতার দ্ব্যর্থহীন কণ্ঠে উচ্চারিত এই ভাষণের শব্দমালাকে প্রতিটি বাঙ্গালি তার অন্তরে ধারণ করে উদ্বুদ্ধ হয়েই ছিনিয়ে আনে স্বাধীনতা। যা বিশ্বের মুক্তিকামী, নিপীড়িত ও বঞ্চিত প্রতিটি মানুষের জন্য এটি প্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে।

তিনি এ ভাষণটির তাৎপর্য ও মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহবান জানান।

অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং বাঙালির স্বাধিকার আন্দোলনের সকল পর্যায়ে ঐতিহাসিক ভূমিকা পালনকারী শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় হাই কমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশী এবং সেদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।