কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু আহত

মনিরামপুর উপজেলার ফতেয়াবাদ গ্রামে পরিত্যক্ত একটি বাড়িতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই বাড়ি থেকে পুলিশ নয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। 

আহত দুই শিশু হলো-ফতেয়াবাদ গ্রামের আসলাম সরদারের ছেলে আরজু হোসেন (৮) ও একই গ্রামের বাবলুর রহমানের ছেলে মাইমুন আহমেদ(৪)। চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, মহিদুল ইসলামের পরিত্যক্ত বাড়ির পাশে খেলাধুলা করছিল আরজু ও মায়মুন। এ সময় ওই বাড়ির একটি কক্ষ থেকে শিশুরা লাল-কালো টেপ প্যাঁচানো বল সদৃশ বস্তু দেখতে পায়। খেলার ছলে ওই টেপ খুলতেই বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। এতে আরজুর বামহাত ও মায়মুনের মুখসহ শরীরের ওপরের অংশ ঝলসে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মনিরামপুর হাসপাতালে নেয়। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ার পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মনিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ ইত্তেফাককে জানান, ঘটনাস্থল থেকে নয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।