ঘরের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে স্বাগতিক নিউজিল্যান্ড। এই টেস্টের মধ্যে দিয়ে নিজের আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানবেন বিশ্বের জনপ্রিয় দক্ষিণ আফ্রিকান আম্পায়ার মারাইস ইরাসমাস।
১৯৯৭ সালে মাঠের ক্রিকেটকে বিদায় জানান দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ইরাসমাস। তবে তারপরে ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি ইরাসমাস। শুরু করেন আম্পায়ারিং। ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মধ্যেকার ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং ক্যারিয়ার শুরু করেন তিনি। দক্ষতা দেখিয়ে জায়গা করে নেন বিশ্বের সব নামিদামি আম্পায়ারদের কাতারে।
ইরাসমাস তার ক্যারিয়ারে মোট ২৬৭টি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। সেই সঙ্গে চারটি পুরুষ বিশ্বকাপ এবং তিনটি নারী বিশ্বকাপে আম্পায়ারিং করেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার। নিজের আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার আগে মারাইস ইরাসমাস বলেন, ‘আমি এলিট প্যানেলে একটি চমত্কার সময় কাটিয়েছি, বিশ জুড়ে অনেক বড় বড় ম্যাচে আম্পায়ারিং করেছি। বিশ্বব্যাপী আইসিসির অনেক টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছি। আমি খুবই সৌভাগ্যবান যে দক্ষিণ আফ্রিকায় ক্রিকেটার হিসেবে খেলা শেষ করেও ক্রিকেটের সঙ্গে আমার সম্পর্ক অব্যাহত রেখেছি। মাঠে আম্পারিং করার সময় প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি।’
বাংলাদেশের খেলা বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন ইরাসমাস। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউটের সিদ্ধান্তের সময় মাঠের আম্পায়ার ছিলেন তিনি। এছাড়া ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের ৫ রানে হারের ম্যাচেও আম্পায়ার ছিলেন ইরাসমাস।