ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস 

ছুটির দিনেও ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) আইকিউএয়ারের বাতাসের মানসূচকে ঢাকার স্কোর ১৭৮। বাতাসের এ মান অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। তবে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বায়ুর মান ছিল ১৭০। 

শুক্রবার দূষিত শহরের তালিকায় প্রথম তিন স্থানে যথাক্রমে ভারতের দিল্লি, থাইল্যান্ডের চিয়াং মাই ও পাকিস্তানের লাহোর। শহর তিনটির একিউআই স্কোর ১৯৪, ১৯৪ ও ১৮৬। 

আইকিউএয়ারের দেওয়া শুক্রবারের তালিকায় বলা হয়েছে, ঢাকার বায়ু দূষণের প্রধান উৎস হচ্ছে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)। এদিন ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা ছিল, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ২১ গুণ বেশি।

বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।