যশোরে যুবককে কুপিয়ে হত্যা

যশোরে রমজান আলী (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ১০ টার দিকে শহরের রেলগেট কলাবাগানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রমজান হত্যা, অস্ত্র মামলাসহ ৩২ মামলার আসামি ছিলেন। তিনি  শহরের রেলগেট পশ্চিম পাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে।

জানা গেছে, শুক্রবার (৮ মার্চ) রাত ১০টার দিকে যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকায় রমজানকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, রমজানের বুকে ছুরিকাঘাত করা হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের নিহতের স্ত্রী পপি খাতুন বলেন, স্থানীয় সন্ত্রাসী পিচ্চি রাজা বিভিন্ন স্থানে অপকর্ম করে এসে তার স্বামীর কাছে আশ্রয় নিতেন। পিচ্চি রাজা পুলিশের গ্রেপ্তার আতঙ্কে ছিলেন। তার স্বামী পিচ্চি রাজাকে পুলিশে ধরিয়ে দিতে পারেন- এমন আশংকা থেকে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, যশোর শহরের রেলগেট এলাকায় রমজান আলীকে অজ্ঞাতনামা আসামিরা কুপিয়ে গুরুতর জখম করে। পরে তিনি যশোর জেনারেল হাসপাতালে মারা যান। আমরা ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্ত করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।