দুর্ব্যবহারের অভিযোগ তুলে সাংবাদিককে জেল, নিন্দা প্রকাশ

শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তথ্য চাইতে যাওয়া জাতীয় দৈনিক দেশ রূপান্তরের এক সাংবাদিককে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। 

শফিউজ্জামান রানাকে কারাদণ্ডের ঘটনায় তীব্র নিন্দা-উদ্বেগ জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে। আজ শনিবার এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম অবিলম্বে সাংবাদিক রানার নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, এ ধরনের নিপীড়ন সাংবাদিকের তথ্য অধিকারই খর্ব নয়,এটি মুক্ত সাংবাদিকতায় অন্তরায়। এভাবে কালাকানুন করে গণমাধ্যমের কণ্ঠরোধ এবং সাংবাদিক হত্যা-নির্যাতন,হামলা-মামলা, গ্রেফতার অব্যাহত থাকলে গণমাধ্যম তার অস্তিত্ব হারাতে বসবে।

সরকারি কাজে বাধা, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি ও অসদাচরণের অভিযোগে গত মঙ্গলবার নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড দেন।

কারাগারে যাওয়া ওই সাংবাদিকের নাম শফিউজ্জামান রানা। তিনি জাতীয় দৈনিক দেশ রূপান্তরের নকলা উপজেলা সংবাদদাতা। এ ঘটনাকে ‘স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকিস্বরূপ’ উল্লেখ করে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিক শফিউজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিও করেছেন।