ডিএসইতে কারিগরি ত্রুটির কারণে সূচকের অস্বাভাবিক আচরণ

দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কারিগরি ক্রটির কারণে গতকাল রবিবার সূচক অস্বাভাবিক আচরণ করে। তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের একটি কোম্পানির তথ্য হালনাগাদ করতে গিয়ে ডিএসই সার্ভার ত্রুটিতে পড়ে। ফলে সূচকের ওঠানামার কোনো তথ্য জানতে পারা ছাড়াই বিনিয়োগকারীদের লেনদেন করতে হয়েছে। গতকাল সারা দিনেও এই সমস্যার সমাধান হয়নি। এদিকে এই ঘটনায় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে।

দিন শেষে ডিএসইর ওয়েবসাইটের তথ্য বলছে, ৬ হাজার ১১২ পয়েন্ট নিয়ে আগের দিন শেষ হওয়া প্রধান সূচক ডিএসইএক্স গতকাল লেনদেন শেষে কমেছে ৫ হাজার ৯৭১ পয়েন্ট বা প্রায় ৯৮ শতাংশ। আর সূচকের অবস্থান দেখাচ্ছে ১৪১ দশমিক ৫৬ পয়েন্ট। শেয়ারদর ওঠানামায় সার্কিট ব্রেকার (সর্বোচ্চ কতটুকু উঠতে বা কমতে পারে) থাকায় এক দিনে এতটা পতন কোনোভাবেই সম্ভব নয়। ডিএসইর অন্য সূচকের মধ্যে ডিএসইএস দেখাচ্ছে লেনদেন শেষে ১ হাজার ৩০৪ পয়েন্ট কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ঠিকই ছিল। এটির প্রধান সূচক সিএসসিএক্স কমেছে শূন্য দশমিক ৭৩ শতাংশ।

ডিএসই সূত্র জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি ‘আমরা নেটওয়ার্ক’-এর তথ্য হালনাগাদ করতে গিয়েই সমস্যা শুরু হয়েছে। গতকাল লেনদেন হওয়া আমরা নেটওয়ার্কের সব লেনদেন বাতিল করার কথা জানিয়েছে ডিএসই। আজ সোমবার আগের দিনের (বৃহস্পতিবার) অবস্থান থেকে আবার লেনদেন শুরু হবে। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে ডিএসই। স্টক এক্সচেঞ্জটির প্রধান আর্থিক কর্মকর্তা এবং প্রধান পরিচালন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এ জিন এম সাত্বিক আহমেদ শাহকে প্রধান করে তিন সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এ ত্রুটির বিষয়ে গতকাল দুঃখ্য প্রকাশ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। 

এতে বলা হয়েছে, অপারেশনাল ত্রুটিজনিত কারণে ডিএসইর সূচকে শুরু থেকে শেষ পর্যন্ত অস্বাভাবিক পরিসংখ্যান লক্ষ করা যায়। এ বিষয়ে ডিএসই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নাসডাকের সঙ্গে জরুরি বৈঠক করে তা সমাধানের চেষ্টা অব্যাহত রেখেছে। ডিএসই কর্তৃপক্ষ আশা করছে, আজকের মধ্যেই সমস্যার সমাধান করা যাবে। এ বিষয়ে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে । সেই সঙ্গে এ অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে ডিএসই।

এ প্রসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির মুখপাত্র নির্বাহী পরিচালক রেজাউল করিম ইত্তেফাককে বলেন, এ ঘটনায় বিএসইসি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। দুই সদস্যের এই কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এক প্রশ্নের জবাবে বিএসইসির মুখপাত্র বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে।