শ্বশুরবাড়ি গিয়ে নিখোঁজ: ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

মাদারীপুরের কালকিনিতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজের দীর্ঘ ২৭ ঘণ্টা পর উপজেলার রমজানপুর ব্রিজের কাছে পারলদী নদী হতে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত যুবক মো. সাগর মৃধা (২২) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার কুয়াকাটা এলাকার ওবায়দুর মৃধার ছেলে।

ভুক্তভোগী পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত সাগর মৃধা গেলো শুক্রবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের নুতন টরকী এলাকায় তার শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। শনিবার দুপুর ৩ টার দিকে শ্বশুর বাড়ির পাশে পালরদী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হন তিনি। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি। পরবর্তীতে নিখোঁজের প্রায় ২৭ পর রমজানপুর ব্রিজের নিচ হতে নিহতের লাশ উদ্ধার করা হয়।

উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. খোকন জমাদার জানান, নিখোঁজের পর থেকে আমরা খবর পেয়ে কালকিনি ও গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি টিম মিলে উদ্ধার চেষ্টা চালাই।

কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।