প্রস্তুতি ম্যাচ

সুদানকে রুখে দিয়ে কোচ বললেন ‘সঠিক পথেই আছি আমরা’

২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ের প্রথম লেগে কুয়েতে আগামী ২১ মার্চ  ফিলিস্তিনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ফিরতি লেগের খেলায় আগামী ২৬ মার্চ এই দুই দল মুখোমুখি হবে ঢাকায়। আর এই দুই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল এখন কন্ডিশনিং ক্যাম্প করতে অবস্থান করছে সৌদি আরবে।

সেখানেই একসপ্তাহ অনুশীলনের পর গত পরশু রাতে সুদানের বিপক্ষে খেলেছে একটি প্রস্তুতি ম্যাচ। ক্লোজড ডোরে হওয়া এই ম্যাচে সুদানকে রুখে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। খেলা শেষ হয়েছে গোলশূন্য। আর দলের এই ফলাফলেই খুশি কোচ হাভিয়ের কাবরেরা। তিনি মনে করছেন সঠিক পথেই রয়েছে দল।

ফিফা র্যাংকিংয়ে আফ্রিকা মহাদেশের দল সুদানের তুলনায় ৫৬ ধাপ পিছিয়ে রয়েছে বাংলাদেশ। তাই তাদের গোলশূন্য আটকে দেওয়াটা বেশ বড় করেই দেখছেন জামালদের স্প্যানিস কোচ কাবরেরা। এই ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘প্রথম পরীক্ষায় ইতিবাচক পারফরম্যান্স করেছে দল। এই ধরনের ম্যাচে ফলাফল কোনো মুখ্য বিষয় নয়। এই ম্যাচে দেখতে চেয়েছিলাম, গত সাত দিনের অনুশীলনে আমরা কতটা করতে পারলাম, সেটা।’

জানা গেছে, এই প্রস্তুতি ম্যাচে একাধিক খেলোয়াড়কে মাঠে নামিয়ে পরখ করেছেন কাবরেরা। এ প্রসঙ্গে বলেন, ‘খুবই ইতিবাচক পারফরম্যান্স ছিল। সবাই ভালো করেছে। ২৪-২৫ জন মাঠে খেলার সুযোগ পেয়েছে; সবাই খুবই ভালো পারফরম করেছে। প্রস্তুতি আরো এক ধাপ এগিয়েছে। আগামীকাল বিশ্রাম। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। আমি মনে করি, সঠিক পথেই আছি আমরা।’ যদিও ম্যাচটি খেলতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ, সাদ উদ্দিন, মিডফিল্ডার সোহেল রানা ও গোলরক্ষক মিতুল মারমা। হালকা চোটে ভুগছেন তারা। তবে আফ্রিকার এই দলটির বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের আগেই সেরে উঠবেন তারা। সুদানের বিপক্ষে জামালদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ আগামী বৃহস্পতিবার। সেটিও অনুষ্ঠিত হবে ক্লোজড ডোরই।