দেশের সব উন্নয়নের কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা: নিক্সন চৌধুরী

দেশে যত উন্নয়ন হয়েছে, তার একমাত্র কাণ্ডারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই দেশের সব সেক্টরে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। শুধু একজন এমপির পক্ষে কোনো উন্নয়ন করা সম্ভব নয়, আমরা শুধু বাহক হিসেবে আপনাদের উপজেলার উন্নয়নমূলক কাজ নিয়ে আসি। 

আজ মঙ্গলবার সকালে চরভদ্রাসন সদর ইউনিয়নের মাথা ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন শেষে এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী আরও বলেন, চরভদ্রাসনবাসীর একটা প্রাণের দাবি ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য গোপালপুর টু চরমইনুট ফেরি চালু হওয়া। খুব শিগগিরই ঘাট থেকে জেলখানার পাশদিয়ে আঠারো ফিট বাইপাস রাস্তা করা হবে যাতে করে চরভদ্রাসন বাজারটা রক্ষা পায়। তিনি আরও বলেন, পদ্মা সেতু হওয়ার পর অনেক ফেরি বসে আছে। রাস্তা প্রশস্ত ও গাড়ি ওঠা নামার সু ব্যবস্থা করে দ্রুতই আপনাদের ফেরি চালু করা হবে।

Nixon

অনুষ্ঠানের শুরুতে নিক্সন চৌধুরীকে ফুল দিয়ে বরন করে নেন নবাগত ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম। উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। আরও ছিলেন থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল ওহাব,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মোরাদ, আওয়ামী লীগ নেতা শাহজাহান মোল্লা, মিজানুর রহমান প্রমুখ।