ট্রাকচাপায় নিহত নববধূ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন স্বামী

কক্সবাজারের পেকুয়ায় ডাম্পর-বাইক মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে নববধূ সুমাইয়া সুলতানা রানু (২০)। একই ঘটনায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার স্বামী ফরহাদ হোসাইন (৩০)। 

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার পেকুয়া-মগনামা সীমান্ত সেতু সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। 

ফরহাদ হোসাইন চকরিয়া পৌরসভা করিয়ারঘোনা ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসাইনের ছেলে। সুমাইয়া সুলতানা রানু একই পৌরসভার ভাঙারমুখ মৌলভীরকুম ৯ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের মেয়ে।

জানা গেছে, তিনমাস আগেই কাবিন-আকদ হয়েছে সুমাইয়া ও ফরহাদ হোসাইনের। কিন্তু বিয়ের আনুষ্ঠানিকতা কথা ছিল ঈদের পর। এরই মধ্যে ফরহাদকে নিয়ে সুমাইয়ার বোনের বাড়িতে ইফতারি নিয়ে বেড়াতে আসেন তারা। বুধবার সন্ধ্যায় মগনামা থেকে বাইক নিয়ে সুমাইয়ার নিজ বাড়ি ফেরার পথে পেকুয়া-মগনামা কাটাপাড়ি সেতু সংলগ্ন বাইন্যাঘোনা এলাকায় পৌছালে মগনামা মুখি ইট বোঝাই ডাম্পার ও বাইক মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সুমাইয়ার মর্মান্তিক মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আতহ হয় ফরহাদ হোসাইন।

আহত ফরহাদ হোসাইনের ভগ্নিপতি সাংবাদিক আলাউদ্দিন আলো বলেন, ঈদের পরে তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। তিন মাস আগে দু’জনের বিয়ের কথা পাকাপোক্ত হয়েছে। মগনামায় আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে গাড়িচাপায় মারা যান সুমাইয়া। ফরহাদের অবস্থাও ভালো নয়।

পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।