টাইব্রেকারে জিতে শেষ আটে অ্যাটলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিলো ইন্টার মিলান। টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শেষ পর্যন্ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ ক্লাবটি। টাইব্রেকারে ইন্টার মিলানকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে তারা।

শেষ ষোলোর প্রথম লেগে ১-০ ব্যবধানে হেরেছিল অ্যাটলেটিকো। ফিরতি লেগে ঘরের মাঠে ৩৩ মিনিটে পিছিয়ে পড়ে স্প্যানিশ ক্লাবটি। এ সময় ইন্টারের ফেডেরিকো ডিমারকোর গোল করেন। এরপর ৩৫ মিনিটে অ্যান্টোনি গ্রিজমান ও ৮৭ মিনিটে মেম্ফিস ডিপাইয়ের গোলে দুই লেগ মিলিয়ে ২-২ সমতা নিয়ে শেষ হয় ৯০ মিনিটের খেলা।

তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও থাকে ২-২ গোলের সমতা। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে লড়াইয়ের পর ৩-২ ব্যবধানে নিশ্চিত করে শেষ আট।  

টাইব্রেকারে নিজেদের প্রথম শট থেকে ইন্টার মিলান ও অ্যাটলেটিকো উভয়েই গোল করে। কিন্তু এরপর পরের তিন শটে ইন্টার মিলান দুটি ও অ্যাটলেটিকো মাদ্রিদ একটি মিস করে। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শটে গোল করে উভয় দল। নবম শটে গিয়ে ইন্টার আবার মিস করলে ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত হয় লা লিগার ক্লাব অ্যাটলেটিকোর।