ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে এক্সপ্রেসওয়ের তাড়াইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুুবকের নাম রায়হান রহমান (২২)। সে খুলনার তেড়খাদা এলাকার কায়েসুজ্জামানের ছেলে।
হাইওয়ে থানার ওসি শাকিল আহমেদ জানায়, ঢাকা থেকে নিজের মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল রায়হান। পথিমধ্যে তাড়াইল বাসস্টান্ডে পৌঁছালে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রায়হানের মোটরসাইকেল রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ওসি শাকিল আহমেদ আরও জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।