ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল)। কোয়ার্টার ফাইনালে উঠেছিল আটটি দল। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার (১৫ মার্চ) সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়ে গেল। মুখোমুখি ম্যাচ পড়েছে গতবারের ইউসিএল চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদের। আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা খেলবে পিএসজির বিপক্ষে।
ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলে শুরুর দিকে থাকা আর্সেনাল পড়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিপক্ষে। তার মানে গানারদের সঙ্গে দেখা হয়ে যাবে সাবেক টটেনহ্যাম তারকা ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের সঙ্গে।
এদিকে, গত আসরের রানার্সআপ ইন্টার মিলাকে বিদায় করে কোয়ার্টারে পা রাখা অ্যাটলেটিকো মাদ্রিদও বড় প্রতিপক্ষ পেয়েছে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তাদের টপকাতে হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের দেয়াল।
এবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ৯–১০ এপ্রিল, দ্বিতীয় লেগের ম্যাচে দলগুলো মুখোমুখি হবে ১৬–১৭ এপ্রিল। এরপর ৩০ এপ্রিল ও ১ মে সেমিফাইনালের প্রথম লেগ এবং ৭–৮ মে দ্বিতীয় লেগের লড়াই অনুষ্ঠিত হবে। পরবর্তীতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ১ জুন হবে ইউসিএল ফাইনাল।