পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫২টিতে নেই প্রধান শিক্ষক। সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে ২৩টি। দীর্ঘদিনেও পদগুলো পূরণ না করায় এসব বিদ্যালয়ে পাঠদান ও প্রশাসনিক উভয় ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছে।
জানা গেছে, প্রধান শিক্ষক পদে বিভাগীয় পদোন্নতির জন্য ভাঙ্গুড়া উপজেলায় কর্মরত সহকারী শিক্ষকদের প্রস্তাব চূড়ান্ত করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে প্রধান শিক্ষকের শূন্য পদে তারা পদায়ন পাবেন। সহকারী শিক্ষকের শূন্য পদ নতুন নিয়োগ ছাড়া পূরণ সম্ভব নয়। প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালনকারী শিক্ষকরা জানান, স্কুল পরিচালনায় তাদের ব্যস্ত থাকতে হয় বলে পাঠদান কার্যক্রম কিছুটা বিঘ্নিত হয়।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সেলিম রেজা বলেন, ভাঙ্গুড়া উপজেলায় বর্তমানে ৫২ জন প্রধান শিক্ষক ও ২৩ জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট স্কুলে কিছুটা সংকট তৈরি হয়েছে।
উপজেলা শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী বলেন, প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য পদোন্নতিযোগ্য সহকারী শিক্ষকদের আবেদন চূড়ান্ত করে সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পালন করছেন। তাদের সবার পদায়ন কার্যক্রম সম্পন্ন হলেই এ সংকট কেটে যাবে বলে তিনি আশা করছেন।