কিশোরগ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে আতঙ্কে এলাকাবাসী

মাদারীপুরে কিশোরগ্যাংয়ের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। শুক্রবার (১৫ মার্চ) রাত সোয়া ৯টার দিকে শহরের শকুনী লেকের দক্ষিণপাড়ে এ ঘটনা ঘটে। এ দিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সন্ধ্যায় চাচাতো ভাই সাব্বিরকে সঙ্গে নিয়ে শকুনী লেকেরপাড়ে ঘুরতে আসেন মধ্য হাউসদি এলাকার সেলিম শিকাদারের ছেলে সিফাত শিকদার (১৫)। এ সময় ডিসিব্রিজ এলাকার মাহিম নামে এক কিশোরের শরীরের ধাক্কা লাগে সিফাতের। এ নিয়ে সিফাত ও মাহিমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে উভয়ের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয় তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে পুলিশ। সংঘর্ষে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা জামে মসজিদে ভেতর তারাবির নামাজ পড়তে আসা মুসল্লিসহ এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ দিকে জামে মসজিদের সামনে পার্কিং করা একটি প্রাইভেটকারও ভাঙচুর করেছে কিশোরগ্যাংয়ের সদস্যরা।

এলাকাবাসী জানায়, হঠাৎ বৃষ্টির মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। নামাজরত অবস্থায় শত শত মুসল্লির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনার দোষীদের বিচার না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সিহাব চৌধুরী বলেন, মারামারির ঘটনায় মাহিম শেখ নামে আহত একজনকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নিয়ে যায়।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।