মিরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন 

রাজধানীর মিরপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রাসেল (২৫) নামের এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় রাশেদ (২২) নামে অপর এক যুবক আহত হয়েছেন। 

শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ নম্বরের আধুনিকের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে আহত রাশেদ জানান, মিরপুর সাড়ে ১১-এর আধুনিকের মোড়ের কিছুটা সামনে ১০-১২ জন মিলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। রাসেলের সঙ্গে ওই এলাকার তানজিলা, তার স্বামী কালু ও তানজিলার ভাই শাহিনের সঙ্গে পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এই হামলা করেছে। 

এদিকে হাসপাতালে আহত ও নিহতের পরিবারের জানান, কালশী ই-ব্লকের ৫ নম্বর লাইনের একটি বিহারি ক্যাম্পের বাসিন্দা তারা। পূর্বশত্রুতার কারণে তানজিলার ভাড়াটে লোকজন ছুরিকাঘাতে রাসেলকে খুন করেছে। তবে তাদের সঙ্গে কী নিয়ে পূর্বশত্রুতা—তা জানাতে পারেনি স্বজনরা। 

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আহত রাশেদের অবস্থাও গুরুতর। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাসেলের মৃতদেহ মর্গে রাখা হয়েছে। 

পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোকলেসুর রহমান জানান, মিরপুর ই-ব্লকে বিহারিদের নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।