চুয়াডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

চুয়াডাঙ্গা জেলা কারাগারে দিলীপ কুমার বিশ্বাস (৫০) নামের এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। দিলীপ কুমার বিশ্বাস ঝিনাইদহের শৈলকুপা থানাধীন আশুরহাটি গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। 

শনিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. ফখর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, চেক প্রতারণা মামলার দিলীপ কুমারের এক বছরের সাজা হয়। চুয়াডাঙ্গায় আরও একটি মামলা থাকায় গত ৯ মার্চ ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় জেলা কারাগারে তাকে হস্তান্তর করা হয়। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন চিকিৎসক। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

দিলিপ কুমারের ভগ্নিপতি মুকুল নন্দন বিশ্বাস জানান, চুয়াডাঙ্গার একটি মুরগী ফিড মিলে টাকা পয়সা পাওনা নিয়ে একটি মামলা হয়। আপসনামা হওয়ার পরও টাকা ফেরত দিতে দেরি হওয়ায় তার জেল হয়ে যায়।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার ফখর উদ্দিন জানান, চিকিৎসকের মতে দিলীপ কুমার বিশ্বাস স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষ হয়েছে। এখন ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।