মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টার সময় মিরসরাই উপজেলার বড়দারোগাহাট কমরআলী রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা- নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর এলাহি এলাকার আবু সিদ্দিকের ছেলে মো. খোকন (২৮), একই এলাকার জামাল মিয়ার ছেলে মো. মোস্তফা প্রকাশ চৌধুরী (৩৫), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. সুমন মিয়া (৩৩), বরিশাল জেলার বাবুগঞ্জ থানার কেদারপুর এলাকার মৃত আলতাফ আলীর ছেলে মো. রাসেল হোসেন (৩৩) ও কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার দক্ষিণ শাকতলী এলাকার মো. মোস্তফার ছেলে মনসুর আলম (৩৬)।

মিরসরাই থানার ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার বড়দারোগাহাট এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। আটকের ঘটনায় মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।