বাংলাদেশ-শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ সমতায় রয়েছে। সিরিজ নির্ধারনী শেষ ম্যাচে সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মাঠে নামবে দু'দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। চোটের কারণে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার তানজিম হাসান সাকিব।
টাইগার এই পেসারের ছিটকে যাওয়ার বিষয়টি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। অনুশীলনের সময়য় হ্যামস্ট্রিংয়ের চোট পেয়েছেন তানজিম সাকিব। সে কারণে তৃতীয় ও সিরিজ নির্ধারনী ম্যাচে খেলতে পারবেন না তিনি।
লিপু বলেন, 'দলের ফিজিও এইমাত্র আমাদের জানিয়েছেন, সে ( তানজিম সাকিব) খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কিনা চিন্তা করছি। কারণ, আগামীকাল আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়।'
এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে যান লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। রোববার (১৭ মার্চ) সকালে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে, হ্যামস্ট্রিং চোটের কারণে সিরিজে আর খেলবেন না এই বাঁহাতি পেসার।