কক্সবাজারের টেকনাফে পাওনা টাকা চাওয়ায় মোক্তার আহমেদ (৬০) নামে এক সবজি বিক্রেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (১৭ মার্চ) ভোরে কুতুপালং (এমএসএফ) হাসপাতালে মোক্তার আহমেদ মারা যান।
নিহত মোক্তার আহমেদ টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ড উনচিপ্রাং এলাকার মৃত কাদের আহমেদের ছেলে।
নিহতের ছেলে মোস্তাফা আহমেদ বলেন, উনচিপ্রাং বাজারে আব্বা সবজি বিক্রি করতেন। স্থানীয় আজিজুর রহমান বাদশাও সেখান থেকে সবজি কিনতেন। তার কাছে সবজির আগের পাওনা টাকা ছিল। শনিবার (১৬ মার্চ) বিকালে সবজি কিনতে গেলে আব্বা তার কাছ থেকে পাওনা টাকা চাওয়ায় আজিজুর রেগে গিয়ে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারেন। প্রথম দফা হামলার পরে পুনরায় সে তার আত্মীয়-স্বজন নিয়ে এসে দ্বিতীয় দফা হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানোর পর বাড়িতে নিয়ে আসেন। রাতে বমি হলে আব্বাকে কুতুপালং হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোববার ভোরে মৃত ঘোষণা করেন।
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।