রাশিয়ায় কয়েক ডজন ড্রোন হামলা চালালো ইউক্রেন

ইউক্রেনের চালানো কয়েক ডজন ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। রোববার (১৭ মার্চ) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোতে পাঁচটি ড্রোন হামলাসহ বেশ কয়েকটি হামলা প্রতিহত করা হয়েছে। খবর বিবিসি।

এর মধ্যে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের একটি তেল শোধনাগারে সবচেয়ে বড় হামলাটি ঘটেছে। রাশিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটল, যেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জয় নিশ্চিত।

ইউক্রেনের কর্মকর্তারা ওডেসার বন্দর নগরীতে রাশিয়ান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছেন। ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভের গভর্নর বলেছেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৫টি বসতিতে গোলাবর্ষণ করেছে।

এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, একটি তেল শোধনাগারে ১৭টি ড্রোন হামলা করেছে ইউক্রেন এবং সেগুলো প্রতিহত করেছে রাশিয়া। এর মধ্যে একটি ড্রোন ছিটকে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এ নিয়ে গত এক সপ্তাহে রাশিয়ায় ষষ্ঠ তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন।

চলতি নির্বাচনে প্রেসিডেন্ট পুতিন নিজের ক্ষমতা আরও ছয় বছরের মেয়াদের জন্য বর্ধিত করতে যাচ্ছেন। তার জয় নিশ্চিত কারণ তার কোনো বিশ্বাসযোগ্য প্রতিপক্ষ নেই। আর তার এই নির্বাচন ব্যাহত করার চেষ্টা করার অভিযোগ করেছেন ইউক্রেনের বিরুদ্ধে। সমালোচকরা বলছেন, এই নির্বাচন না অবাধ, না সুষ্ঠু।