আদালত অবমাননা 

দুই আইনজীবীর বিষয়ে আদেশ ২১ এপ্রিল

প্রধান বিচারপতিকে দেওয়া আদালত বর্জনের কর্মসূচি সংক্রান্ত চিঠিতে বিচার বিভাগ নিয়ে অবমাননাকর ভাষা ব্যবহারের অভিযোগে আদালত অবমাননার মামলায় দুই আইনজীবীর বিষয়ে আদেশের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৯ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবীরা।

দুই আইনজীবী হলেন- সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মহসিন রশিদ ও সদস্য সচিব শাহ আহমেদ বাদল।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আদালত বর্জনের ডাক দিয়ে প্রধান বিচারপতির কাছে দেওয়া লিখিত চিঠিতে বিচার বিভাগ, নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে অবমাননাকর বক্তব্য তুলে ধরার অভিযোগে ওই দুই আইনজীবীকে তলব করেছিলেন আদালত।

তারা বিচার বিভাগ নিয়ে অবমাননাকর মন্তব্য করায় আপিল বিভাগে গত ২৫ ফেব্রয়ারি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এরপর পরবর্তী আদেশের জন্য আজ (১৯ মার্চ) দিন ধার্য করেন আপিল বিভাগ।