নাটোরে অপহরণের পর ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার 

নাটোরে অপহরণের পর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. ফজলুলকে (১৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল সোমবার (১৮ মার্চ) রাতে গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

আজ মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার পলাতক আসামি মো. ফজলুল (১৯) সিংড়া উপজেলার বন্দর এলাকার আব্দুল খালেকের ছেলে।

র‌্যাব-৫ নাটোর জানায়, আসামি মো. ফজলুলসহ অন্য অভিযুক্ত আসামিরা ভুক্তভোগীকে পথেঘাটে বিরক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। এক পর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে তাকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা পালিয়ে যায়। 

র‌্যাব আরও জানায়, পরবর্তীতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপণে চলে যান। এ ঘটনায় ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আসামি মো. ফজলুলের অবস্থান শনাক্ত করে গতকাল সোমবার রাতে গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে।