কক্সবাজারের টেকনাফে নিজ সবজি খেত পাহারা দিতে গিয়ে ৫ জন অপহরণের শিকার হয়েছেন। এদের মধ্যে একজন কিশোর বাকি চারজন যুবক।
অপহৃতরা হলেন-টেকনাফের হ্নীলা ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম পানখালীর মৃত সৈয়দ উল্লাহের ছেলে মো. শামীম (১৯) একই এলাকার ফকির মোহাম্মদের ছেলে মোহাম্মদ রফিক (১৯), শাহ জাহানের ছেলে মোহাম্মদ জিহান (১৮),আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ নুর (২২) ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহিম (১৪)।
বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর ৫টার দিকে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালি পাহাড়ের পাশে সবজি খেত থেকে তারা অপহৃত হয়েছেন।বিষয়টি নিশ্চিত করেন অপহৃত শামীমের বড় ভাই সোনা মিয়া।
তিনি বলেন, পশ্চিম পানখালি পাহাড়ের পাশের জমিতে আলু,মরিচ, ভুট্টা সহ বিভিন্ন ধরনের শাক- সবজির খেত করা হয়েছে। শামীমসহ অপহৃত বাকি আরও চার জন তাদের নিজ খেতে কাজ করতেন। দিনগত রাতে খেতে গেলে বৃহস্পতিবার ভোরে তারা অপহরণকারীদের কবলে পড়েছেন বলে খবর আসে। এ ঘটনার পর থেকে সারাদিন পাহাড়ের বিভিন্ন অংশে তাদের খোঁজ করেও পাওয়া যায়নি।
হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, দিনের পর দিন অপহরণের ঘটনা বেড়ে যাওয়ার কারনে কৃষকসহ পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অপহৃত ৫ জনকে উদ্ধারে সকলের সহযোগিতা দরকার।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, অপহরণ ঘটনার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। তবে এ ঘটনার বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।
উল্লেখ্য, গত তিন বছরে টেকনাফ উপজেলায় স্কুল-কলেজ, কাঠুরিয়া,টমটম (ইজিবাইক) চালকসহ দেড় শতাধিক মানুষ অপহরণকারিদের কবলে পড়েছিল। এর মধ্যে অপহরণের পর মুক্তিপণ দিতে না পারায় ৫ জনকে মেরে ফেলা হয়েছিল।