সাভারে ফিল্মি স্টাইলে একটি ডুপ্লেক্স বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা গাছ বেয়ে ছাদে উঠে বাড়ির ভেতরে প্রবেশ করে। পরবর্তী সময়ে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নিয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভোররাতে পৌরসভার রাজাসন এলাকার নূরুল ইসলামের মালিকানাধীন বাড়িতে এ ডাকাতি হয়। ডাকাত দলে বোরকা পরা এক নারী সদস্য ছিল বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও ডাকাতিতে জড়িত কাউকে গ্রেফতার কিংবা লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
বাড়ির মালিক নূরুল ইসলাম বলেন, বাড়ির নিচতলায় তারা থাকেন। ওপরে নির্মাণকাজ চলছে। ডাকাতরা বাড়ির পাশের গাছ বেয়ে ছাদে ওঠে। তারপর সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ডাকাত দলে এক বোরকা পরা নারীসহ মোট সাত জন ছিল। তারা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২০ হাজার টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
সাভার মডেল থানার ওসি আকবর আলী খান বলেন, ডাকাতির ঘটনায় আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের দ্রুত শনাক্ত করার কাজ চলছে।