চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আজ সিলেটে বাংলাদেশ দল প্রথম টেস্ট খেলতে নামবে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা শুরু সকাল ১০টায়। দুই টেস্টের দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামে।
গত নভেম্বরে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ১৫০ রানে জিতেছিল বাংলাদেশ। সেই টেস্টে বাংলাদেশের তিন পেসার খেলেছিল। এরপর মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও তিন জন পেসার নিয়ে ৪ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
এবার সিলেটে লঙ্কানদের বিপক্ষে কয়জন পেসার নিয়ে খেলবে বাংলাদেশ—তা নিয়ে কথা উঠলে কোচ চাণ্ডিকা হাথুরুসিংহে পরিষ্কার জানিয়ে দিয়েছেন দুই পেসার নিয়ে খেলতে চান তিনি। এমনও হতে পারে একাদশে তিন পেসার নামতে পারেন। শরিফুল, মুশফিক হাসান, নাহিদ রানার নাম আসছে। শরিফুলের গতি দেখে মুগ্ধ হাথুরুসিংহে। কোচ বলেছেন, ‘শরিফুল খেলার জন্য প্রস্তুত। নাহিদ রানা এবং মুশফিক হাসান, তারাও কম যাচ্ছেন না। প্রথম শ্রেণির ক্রিকেটে তারাও ভালো করেছে।’
একজনের দুর্ভাগ্য অন্যজনকে সুযোগ করে দেয়। দলের সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে। সোমবার চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পান মুশফিক। তাকে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। মুশফিকের জায়গায় আজ টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হূদয়। প্রথম বার টেস্ট দলে জায়গা পেলেন তিনি। ডাক পাওয়াদের মধ্যে আরেকটি নতুন মুখ নাহিদ রানা।
প্রথম টেষ্টে বাংলাদেশ দল :নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক, তাওহিদ হূদয়, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা। আরো খবর খেলার পাতায়।