সাংবাদিকের ওপর হামলা: সাবেক ছাত্রলীগ নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক সাব্বির আহমেদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার এই ঘটনায় সাংবাদিক সাব্বির আহমেদের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন।

মামলায় ১ নাম্বার আসামী এসএম ইমরুল রুদ্র (২২) তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আখি ছাত্রাবাসে থাকেন। হামলার ঘটনায় তাকে সহ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। অন্য দু'জন আসামি সাইফুল নিজাম কায়সার (২৩) ও রাহুল (২২)। তারও একই ছাত্রাবাসে থাকেন। 

এজহারে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূলফটকের সামনে বটতলায় পৌঁছা মাত্রই আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসোটসহ সাংবাদিককে পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। তখন আসামী রুদ্র তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। 

এদিকে সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় শনিবার দুপুরে তিতুমীর কলেজের মূল ফটকে মানববন্ধনের আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক নেতারা। এসময় তারা বলেন, এই হামলার ঘটনায় জড়িতের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।