পকেট থেকে সেলফোনটা বের করে বাংলাদেশ-ফিলিস্তিন ম্যাচের গোলগুলো দেখাতে চেয়েছিলেন বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন। আগে থেকে পাঁচ গোলের হার দেখা ছিল বলে ফোনটা সরিয়ে রাখলেন। কোচের ওপর ক্ষোভ বাফুফে সভাপতির। পাঁচ গোল নিয়ে নয়, যেভাবে গোল হজম করেছে তা মেনে নেওয়ার মতো না সালাহউদ্দিনের কাছে। তার কথা হচ্ছে এক জন ফুটবলার যদি তার জীবনে পাঁচ বছর খেলে, সেও এমন সব ভুল করবে না, বৃহস্পতিবার রাতে কুয়েতের মাঠে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের রক্ষণ যা খেলেছে তা দেখে আঙুল তুলছেন দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার দিকে।
খেলোয়াড়দের খুব একটা দোষ দেননি সালাহউদ্দিন। কোচ যেভাবে সাজিয়ে দিয়েছে খেলোয়াড়রা সেভাবেই খেলবে, মনে করছেন বাফুফে সভাপতি। কিন্তু কোচের পরিকল্পনায় সন্তুষ্ট নয় তিনি। শুধু কুয়েতে হওয়া ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচই নয়, আরও কিছু কোচ হ্যাভিয়ার কাবরেরাকে রাখার পক্ষে না। 'আমি যদি থাকি আর রাখব না- বললেন সালাহউদ্দিন।
সাবেক ফুটবলার আলফাজ আহমেদ, এমিলি, রায়হান হাসান, সবাই পাঁচ গোলের পেছনে কোচের পরিকল্পনাকে দুষেছেন। বাফুফে সভাপতিও এর বাইরে নন। তিনিও কোচের পরিকল্পনার দিকেই আঙুল তুলেছেন। ক্ষোভে ফুঁসছেন সালাহউদ্দিন। এভাবে পরিকল্পনা করলে বাজে রেজাল্ট আসবেই। ফিলিস্তিন শক্তিশালী দল। ম্যাচ হারতেই পারে। কিন্তু যেভাবে ৪২ মিনিটের পর যেভাবে গোলগুলো হজম করেছে তার চোখে লেগেছে। সালাহউদ্দিন জানিয়েছেন, এধরনের রক্ষণে আরো আগেই গোল খেয়ে বসত। হয়নি ভাগ্য ভালো। 'আমি জানি তারিক কাজী নেই। ডিফেন্সে কারো কোনো পজিশন ছিল? কে কোন পজিশনে খেলবে, সেটা কী ঠিক ছিল। যার যে পজিশনে খেলার অভিজ্ঞতা নেই তাকে সেই পজিশনে খেলালে নষ্ট হবেই।'
কোচের ওপর আস্থা রাখতে পারছেন না বাফুফে সভাপতি। সাফে যতটুকু ভালো হয়েছিল এটা রাখতে পারছেন না কোচ। কোচ অভিজ্ঞ ফুটবলারকে বসিয়ে রেখে কী লাভ পান সেটা নিয়ে সাবেক ফুটবলারদের প্রশ্ন আছে। ক্লাবে বেঞ্চে বসে থাকা ফুটবলারকে নামিয়ে দেন জাতীয় দলে। দীর্ঘদিন ধরে এটা করে আসছেন তিনি। পছন্দের ক্লাব প্রীতি দেখাতে গিয়ে দেশের জাতীয় দলের ক্ষতি হচ্ছে কিনা সেটা বিবেচনা করছেন না- এমন একটা কথা ফুটবল অঙ্গনে ভেসে বেড়ায়। সবচেয়ে বড় কথা হচ্ছে, কোচের পরিকল্পনায় এক-আধটু ভুল হতে পারে।
কিন্তু ফিলিস্তিনের বিপক্ষে রক্ষণভাগের ফুটবলারদের পজিশন এলোমেলো করে দেওয়ার বিষয়টা বুঝতে পারছেন না সালাহউদ্দিন। সাবেক ফুটবলাররা কোচ হ্যাভিয়ের কাবরোর পরিকল্পনাইকেই দুষছেন। ফিলিস্তিনের মতো শক্তিশালী দলের বিপক্ষে কাবরেরা সঠিক পরিকল্পনা করতে পারেননি। শুধু তাই নয়, কোচের আরো অনেক বিষয় রয়েছে যা বাফুফের অনেকেরই নজরে এসেছে, ন্যাশনাল টিমস কমিটি ছাড়া। সালাহউদ্দিন বললেন, 'দুই উইং থেকে বলই ফেলতে পারেনি, কেন। রাকিব সেদিন কয়টা বল ক্রস করেছিল? এভাবে ক্লাবে খেলে কীভাবে।'