‘পিঠের চামড়া থাকবে না’ মাইকিং করে মাদক কারবারিকে হুঁশিয়ারি!

‘মাসুদ এলাকার মাদক সম্রাট। সে হিরোইনখোর ও ইয়াবা কারবারি। তাই তার পিঠের চামড়া থাকবে না’ এমন হুমকি দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে মাইকিং করেছে দিপু মোল্লা নামের এক যুবক। এ সংক্রান্ত একটি ভিডিও রোববার (২৪ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে দেখা দিয়েছে সমালোচনার ঝড়।

মাদক কারবারি মাসুদ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়ার দক্ষিণপাড়া গ্রামের এনায়েতের ছেলে। মাইকিংকারী যুবক দিপু মোল্লা একই গ্রামের আমির হামজা মোল্লার ছেলে। 

শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া ও নলুয়া এলাকায় এই মাইকিং করা হয়েছে। 

tt

জানা গেছে, দিপুর বাবা আমির হামজাসহ আরও বেশ কয়েকজন মাদকের সঙ্গে জড়িত। মাসুদের সঙ্গে প্রায়ই দিপুর বাবা মাদক সেবন করতো। এ নিয়ে কিছুদিন আগে মাসুদ ও দিপুর সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে দিপু মোল্লা মাসুদের বিরুদ্ধে এমন মাইকিং করেছে।

এমন অভিযোগের বিষয়ে জানতে মাসুদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। অপরদিকে মাইকিংকারী দিপু মোল্লার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া গেছে।

ইউপি সদস্য মো. রুবেল সরকার জানান, শনিবার সন্ধ্যার দিকে দিপু মোল্লা নামে এক ছেলে মাসুদকে জড়িয়ে এলাকায় মাইকিং করেছে এবং তার বাড়ির সামনে গণসভার ডাক দিয়েছে। আমি গিয়ে মাইকিং করার কারণ জানতে চাইলে সে কোনো সদুত্তর দিতে পারেনি। পরে ক্ষমা চেয়েছে দিপু।

গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার বলেন, মাদক কারবারির বিরুদ্ধে এলাকায় মাইকিংয়ের বিষয়টি আমার জানা নেই।

এ বিষয়ে ভূঞাপুর থানার ওসি মো. আহসান উল্লাহ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।