প্রকাশ হলো ‘ওমর’- এর ‘এক ঝলক’

ঈদে আসছে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন সিনেমা ‘ওমর’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শরিফুল রাজ। সোমবার রাতে ওমর- এর টিজার প্রকাশ হয়েছে, যেটিকে ‘এক ঝলক’ বলছেন নির্মাতা।

প্রকাশিত দেড় মিনিটের টিজারটি নজর কাড়তে সক্ষম হয়েছে। এতে দেখা গেছে, সোমেশ্বর আলীর লেখা 'আমার দুই নয়নের মণি তুই 'গানে আরফিন রুমির কণ্ঠের সঙ্গে রহস্য, খুন, সাসপেন্স আর রাজ-দর্শনা বণিকের নাচের ঝলক। প্রকাশিত ওমরের একঝলক দেখেই ইতিবাচক মন্তব্য করেছেন নেটিজেনরা।

শরিফুল রাজ ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিজ আহমেদ।

বিশেষ এক চরিত্রে আছেন কলকাতার দর্শনা বণিক। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে এটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।

এবার তার ষষ্ঠ সিনেমা ‘ওমর’ কতটা দর্শক নন্দিত হয় সেটাই দেখায় অপেক্ষা।