দোল পূর্ণিমা উপলক্ষে নিজের মায়ের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাকে প্রণাম করার দুইটি ছবি শেয়ার করেছেন তিনি।
ওই পোস্টের ক্যাপশনে অনুসারীদের দোল পূর্ণিমার হোলি উৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘মায়ের ভালোবাসা, আশীর্বাদের চেয়ে মূল্যবান কিছুই নেই। সবাইকে ‘হ্যাপি হোলি’।’
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি থেকে দার্জিলিং আসনে প্রার্থী হতে চলেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বিজেপি সূত্রের বরাত দিয়ে এমনটাই বলছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। শেষ মুহূর্তে এই আসনে বিদায়ী এমপি রাজু বিস্টকে পেছনে ফেলে দৌড়ে এগিয়ে রয়েছেন শ্রিংলা।
বেশ কিছুদিন ধরেই দার্জিলিং লোকসভাকে কেন্দ্র করে জনসংযোগ বাড়াচ্ছিলেন সাবেক আমলা হর্ষবর্ধন শ্রিংলা। বিভিন্ন সমাজসেবামূলক কর্মসূচিতে যোগ দিতে দেখা গেছে তাকে। নিজেকে দার্জিলিংয়ের সন্তান হিসেবে দাবি করেছেন তিনি।