দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার ছনপাড়ায় এ ঘটনা ঘটে। এসময় মান্নান নামে আরও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

জানা যায়, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। এসময় আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে মৃত্যু হয় গফুরের।  

bus

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, দায়িত্ব পালনকালে বাসটি তাদের ধাক্কা দিলে দুজন গুরুতর আহন হন। এর মধ্যে হাসপাতালে নেওয়ার পর গফুর মারা যান। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।