ইতালিতে মিলান কনস্যুলেটের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় ইতালির মিলান কনস্যুলেটের উদ্যোগে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রবাসী নেতারা অংশগ্রহণ করেন। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশে রেমিটেন্স প্রেরণে কৃতিত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে কনস্যুলেট জেনারেল মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এ সময় কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারী অনুষ্ঠানে অংশ নেন।

দিনের দ্বিতীয়ার্ধে কনসাল জেনারেল এম জে এইচ জাবেদের নেতৃত্বে কনস্যুলেটের সকল কর্মকর্তা-কর্মচারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। 

1

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর প্রেরিত বাণী পাঠ করা হয়। পরে মহান মুক্তিযুদ্ধ ও ২৬ মার্চের ওপর নির্মিত একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। কনস্যুলেট মিলনাতয়নে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলানসহ উত্তর ইতালিতে বসবাসরত প্রবাসীদের মধ্যে প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৩ জনকে ও ব্যক্তি পর্যায়ে ২ জনকে রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

কনস্যুলেট কর্তৃক আয়োজিত আলোচনা সভায় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর সফল নেতৃত্বের বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন। 

2

সবশেষে, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে ‘অসাম্প্রদায়িক,বিজ্ঞান-মনস্ক স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের জন্য একটি বিশেষ দোয়া পরিচালনা এবং ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।