টেকনাফে ৮শ টাকার জন্য বন্ধুর গুলিতে বন্ধু নিহত

কক্সবাজারের টেকনাফে পাওনা ৮শ টাকা বন্ধুর কাছ থেকে ফেরত চাইলে বাড়িতে হামলা, পরে মাথায় গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবক টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার আব্দুল খালেকের ছেলে মো. জুবায়ের (২৪)।

শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের নাজিরপাড়া নিজ বসতঘরের সামনে এ ঘটনায় হামলাকারী একই এলাকার জাগির হোসনের ছেলে নাজিম উদ্দীন (২৩)। 

জানা গেছে, বকটেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকায় বাসিন্দা ফুটবল খেলোয়াড় ও মুদির দোকানদার মো. জুবায়ের তার বন্ধু নাজিম উদ্দীনের কাছ থেকে দোকানের মালকেনার পাওনা ৮শ টাকা পেতেন। এ টাকা ফেরত চাইলে গত দুদিন আগে দুজনের মধ্যেই কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা দিকে নাজিম উদ্দীন, মো. জুবায়েরের বাড়িতে হামলা চালায়। হামলার একপর্যায়ে নাজিমউদ্দীন তার বন্ধু মো. জুবায়েরকে মাথায় গুলি করলে সে ঘটনাস্থলে মাটিতে পড়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখানোর পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতে মৃত ঘোষণা করেন।  

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, বন্ধুর গুলিতে বন্ধু নিহতের ঘটনাটি শোনার পরে আসামিকে আটক করার জন্য অভিযান চলছে।