ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে লাগা আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। রোববার (৩১ মার্চ) বেলা ২টার দিকে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পরে পুরো হাসপাতালে।
উপর থেকে রোগী ও স্বজনরা দ্রুত হাসপাতাল থেকে নিচে নেমে আসেন। এ সময় অতিরিক্ত সিঁড়ি বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগীর স্বজনরা।
হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, এখানে পাশাপাশি দুইটি ভবন। একটি ১০ তলা আর একটি ৬ তলা। আগুন লেগেছে ৬ তলার ছাদে। সেখানে পুরাতন ডেড (ফোমের তৈরি), বেডসিটসহ অপ্রয়োজনীয় জিনিসপত্র ফেলে রাখা হয়েছিল। ওপর থেকে অর্থাৎ ১০ তলা ভবন থেকে কেউ সিগারেট বা দাহ্য কিছু ফেলার কারণে আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পর হাসপাতালে থাকা নির্বাপক যন্ত্র ব্যবহার করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে জানমালের কোনো ক্ষতি না হলেও পুরো হাসপাতালে থাকা কয়েকশ রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে হাসপাতালের সামনের দিকে থাকা একটি সিঁড়ি যা অত্যন্ত সরু, এছাড়া হাসপাতালে আরও কয়েকটি সিঁড়ি থাকলেও তা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেন রোগী ও স্বজনরা।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রুবেল শেখ জানান, ফোন পাওয়ার ৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে এসে তারা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো বলেও জানান তিনি।
বিএসএমসিএইসের উপ-পরিচালক ডা. দীপন কুমার বিশ্বাস বলেন, পুরাতন কিছু জিনিসপত্র ও ময়লা পুড়ে গেছে, তবে ওয়ার্ডের কোনো ক্ষতি হয়নি।