বঙ্গভবনের সামনে উলটো পথে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে পদক্ষেপ

বঙ্গভবনের সামনে উলটো পথে অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধে রোড ডিভাইডারের মধ্যে খুঁটি, ভারী কংক্রিটের কোণ দিয়ে রাস্তায় ৪০ ফুট লেন স্থাপন করা হয়। ডিএমপি কমিশনার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মতিঝিল ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মইনুল হাসানের উদ্যোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে দায়িত্বরত মতিঝিল ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের নিয়ে একটি ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন ‘বঙ্গভবন’-এর সামনে ‘শাওয়ার ক্রসিং’সংলগ্ন মিডআইল্যান্ডের মাঝখান দিয়ে অথবা ভাঙা অংশ দিয়ে উলটো পথে রিকশার আসা-যাওয়ার নিত্যনৈমিত্তিক বিষয়ে পরিণত হয়েছিল। ঠিক একই রাস্তায় দক্ষিণ তথা, ওয়ারী এলাকা থেকে আগত রিকশা ‘শাওয়ার ক্রসিং’-এর সামনে এসে রাজউক ক্রসিংয়ের দিকে লাইন ধরে উলটো পথে আসা ছিল একটি নিয়মিত বিষয়।

WhatsApp Image 2024-04-01 at 02.45.48_66e10e93

মইনুল হাসান বলেন, ডিএমপি কমিশনার ‘স্পটভিত্তিক’ সমস্যা সমাধানের নির্দেশনার আলোকে এ অবস্থা থেকে উত্তরণের জন্য ট্রাফিক শৃঙ্খলার স্বার্থে ইঞ্জিনিয়ারিং চালু করা হয়। এ ব্যবস্থার মধ্যে বিশেষ ট্রাফিক মতিঝিল বিভাগ কর্তৃক সম্প্রতি ঐ স্থানের ভাঙা রোড ডিভাইডারে ২০টি পিলার তথা, খুঁটি, ২০টি ভারী কংক্রিটের কোণ এবং ৪০ ফুট দীর্ঘ লেন স্থাপন করা হয়। ফলশ্রুতিতে, উলটো পথে আসা অযান্ত্রিক যানবাহন শতভাগ বন্ধ হয়ে যায়।

গত শনিবার মতিঝিল ট্রাফিক বিভাগের ৩৫০ জন পুলিশ সদস্যকে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে ব্রিফিং প্রদান করা হয়। ট্রাফিক পুলিশের দৈনন্দিন দায়িত্ব ও কর্তব্যে যেন কোনো নেতিবাচক ছাপ না পড়ে, সেজন্য দুই পালায় ঐ ব্রিফিং প্রদান করা হয়। মইনুল হাসান ব্রিফিং প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন।